কুমিল্লাসোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মেঘনা মোহনায় ধান-চালবোঝাই কার্গো ডুবি, প্রায় এক কোটি টাকার ক্ষতির আশঙ্কা

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ৮, ২০২৬ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের ত্রিনদীর মোহনায় মেঘনার ঘূর্ণিস্রোতে ধান ও চালবোঝাই একটি কার্গো উল্টে পানিতে তলিয়ে গেছে।

বুধবার (৮ জুলাই) সকালে পুরানবাজার ঘাটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে কার্গোতে থাকা শ্রমিকরা সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছেন।

কার্গোর চালক এরশাদ মাঝি জানান, পাবনা থেকে ৩ হাজার ৫০০ বস্তা চাল ও ১ হাজার ৫০০ বস্তা ধান নিয়ে কার্গোটি চাঁদপুরের উদ্দেশে আসছিল। পুরানবাজার ঘাটের কাছে পৌঁছালে ত্রিনদীর মোহনার ঘূর্ণিস্রোতে পড়ে কার্গোটি কাত হয়ে যায়। এ সময় কার্গোতে থাকা পাঁচ থেকে ছয়জন শ্রমিক সাঁতরে তীরে ওঠেন। পরে উল্টে যাওয়া কার্গোটি ডাকাতিয়া নদীর তীরে ভিড়িয়ে রাখা হয়।

চাঁদপুর চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম জানান, ডুবে যাওয়া ধান ও চাল পুরানবাজারের ১০ থেকে ১২ জন ব্যবসায়ীর। এতে প্রাথমিকভাবে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, কয়েকদিন ধরে পদ্মা ও মেঘনা নদীতে তীব্র স্রোত বিরাজ করছে। বুধবার সকাল থেকেও চাঁদপুরে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল।

দুর্ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।