কুমিল্লাসোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের কাভান সুলিভানের বুটে জার্মানি আর বাংলাদেশের পতাকাও

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ২৭, ২০২৬ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

মাত্র ১৫ বছর বয়সেই মার্কিন ফুটবলের অন্যতম বড় প্রতিভা হিসেবে পরিচিতি পেয়েছেন কাভান সুলিভান। ২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় জন্ম নেয়া এই অ্যাটাকিং মিডফিল্ডার মায়ের দিক থেকে জার্মান-বাংলাদেশি বংশোদ্ভূত। তার মা হেইকে, আর নানী সুলতানা আলম বাংলাদেশি। অন্যদিকে বাবা ব্রেন্ডন সুলিভান একজন সাবেক ফুটবলার। শুধু বাবা নন, তার তিন চাচাও ফুটবল খেলেছেন। ফলে ফুটবল যেন তাদের পরিবারের রক্তেই মিশে আছে।

সম্প্রতি ফুটবলবিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকম ২০০৬ সালের ১ জানুয়ারি বা এর পরে জন্ম নেয়া বিশ্বের ৫০ জন সেরা তরুণ প্রতিভার তালিকা প্রকাশ করেছে। সেখানে লামিনে ইয়ামাল, এস্তেভাও উইলিয়ান, পাও কুবার্সি, জাইরি এমেরি ও এনড্রিকের মতো তারকাদের পাশে জায়গা করে নিয়েছেন কাভান। তালিকায় তার অবস্থান ৩০তম।

অল্প বয়সেই মেজর লিগ সকারে (এমএলএস) ইতিহাস গড়েছেন কাভান। গত বছর সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে এমএলএসে অভিষেক হয় তার। ফিলাডেলফিয়া ইউনিয়নের জার্সিতে তিনি খেলেছেন শীর্ষ পর্যায়ে এবং লিওনেল মেসির ইন্টার মায়ামির বিপক্ষেও ম্যাচ স্কোয়াডে ছিলেন। তার অসাধারণ প্রতিভা ও আত্মবিশ্বাসী পারফরম্যান্সের কারণে ইতোমধ্যে অনেক মার্কিন সমর্থক তাকে ‘ক্যাপ্টেন আমেরিকা’ বলেও ডাকতে শুরু করেছেন।

ইউরোপের শীর্ষ ক্লাবগুলোরও নজরে রয়েছেন এই বিস্ময়বালক। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির সঙ্গে তার ভবিষ্যৎ নিয়ে অনানুষ্ঠানিক সমঝোতা রয়েছে। বয়স ১৮ পূর্ণ হলে তিনি প্রিমিয়ার লিগের ক্লাবটিতে যোগ দিতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে।

বর্তমানে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নিয়মিত খেলছেন কাভানের বড় ভাই কুইন সুলিভানও। চলতি মৌসুমে তিনি ১৪ ম্যাচে একটি গোল ও ছয়টি অ্যাসিস্ট করেছেন। ধারাবাহিক এই পারফরম্যান্সে যুক্তরাষ্ট্রের কোচ মাউরিসিও পচেত্তিনোর নজর কাড়েন তিনি। গোল্ডকাপের প্রাথমিক দলে জায়গা পাওয়ার পাশাপাশি তুরস্ক ও সুইজারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের সম্ভাব্য পরিকল্পনাতেও ছিলেন তিনি। ফলে কুইন এখন যুক্তরাষ্ট্র জাতীয় দলের খুব কাছাকাছি অবস্থান করছেন।

সুলিভান পরিবারের চার ভাই—কুইন, ডেক্লান, রোনান ও কাভান—সকলেই পেশাদার ফুটবলের সঙ্গে যুক্ত। এর মধ্যে ডেক্লান ও রোনান ইতোমধ্যেই বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতে আলোচনায় এসেছেন। রোনান পুরো টুর্নামেন্টজুড়ে নিয়মিত একাদশে খেলেছেন, আর ডেক্লান দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে সম্ভাবনার জানান দিয়েছেন। দুজনই বাংলাদেশের ভবিষ্যৎ ফুটবলের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছেন।