কুমিল্লাসোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় চর দখল নিয়ে সংঘর্ষে নারী নিহতের ঘটনায় আটক ৪

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ২৭, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার তিতাস উপজেলায় চর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে এক নারী নিহতের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) রাতে মেঘনা থানা পুলিশ তিতাস উপজেলার নতুন ভাটেরারচর গ্রাম থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন- মাইনুদ্দিন (৪০), মো. হান্নান (২৬), কাশেম বেপারী (৬০) ও মো. রানা (২১)।

এর আগে রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পার্শ্ববর্তী মেঘনা উপজেলার চর বিনোদপুর ও আলীপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে তিতাস উপজেলার নতুন ভাটেরারচর গ্রামের বাসিন্দাদের চর দখলকে কেন্দ্র করে টেঁটাযুদ্ধের ঘটনা ঘটে।

এ সময় মেঘনা উপজেলার চর বিনোদপুর গ্রামের কুহিনূর আক্তার (৩৮) গলায় টেঁটা বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

মেঘনা থানার ওসি শহিদুল ইসলাম জানান, একটি চর দখলকে কেন্দ্র করে মেঘনা উপজেলার চর বিনোদপুর ও আলীপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে তিতাস উপজেলার নতুন ভাটেরারচর গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ হয়। এ সময় চর বিনোদপুর গ্রামের বাসিন্দা কুহিনূর আক্তার (৩৮) টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় রোববার রাতেই অভিযান চালিয়ে তিতাস উপজেলার নতুন ভাটেরারচর গ্রাম থেকে চারজনকে আটক করা হয়েছে।

এদিকে তিতাস থানার ওসি মমিরুল হক জানান, চরভাটেরা এলাকায় ১৫ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। একইভাবে মেঘনা থানার অংশেও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।