কুমিল্লারবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝুঁকিপূর্ণ যাত্রার করুণ পরিণতি, রেলব্রিজে ধাক্কায় প্রাণ গেল যুবকের

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ২৬, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে মধুমতি এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণরত এক অজ্ঞাতনামা যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরে ট্রেনটি রাজবাড়ী রেলওয়ে স্টেশনে পৌঁছালে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ (জিআরপি)।

রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী স্টেশনে পৌঁছানোর পর ট্রেনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাজবাড়ী জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত যুবক ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন। ট্রেনটি কালুখালী উপজেলার কালিকাপুর রেলব্রিজ অতিক্রম করার সময় ব্রিজের সঙ্গে তার মাথায় সজোরে আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ রাজবাড়ী স্টেশন থেকে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং পরিচয় শনাক্তের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, চলতি বছর কালুখালীর কালিকাপুর রেলব্রিজে একই ধরনের দুর্ঘটনায় এর আগেও দুইজনের প্রাণহানি ঘটে। গত ১৯ মার্চ ও ২ জুন ট্রেনের ছাদে ভ্রমণের সময় পৃথক দুটি ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়। সর্বশেষ রোববার (২৬ জুলাই) একই স্থানে আবারও এক অজ্ঞাত যুবকের মৃত্যু হওয়ায় এলাকাজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে।