কুমিল্লারবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাত মাসের মেয়েকে আছড়ে হত্যা, বাবা রিমান্ডে

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ২৬, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাসের মেয়ে রাফা মনি কবিতাকে আছড়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার বাবা কবির ইসলামকে তিন দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার (২৬ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই আদেশ দেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

গত বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল আসামি কবির ইসলামকে হাজির করে ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেন। এরপরে বিচারক আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজ রোববার দিন ধার্য করেন।

নথি থেকে জানা গেছে, দুই বছর আগে কবির ইসলামের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। তাদের একমাত্র সন্তান রাফা মনি কবিতা। রিকশাচালক কবির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মাদক সেবনের পর প্রায়ই স্ত্রীকে মারধর ও গালিগালাজ করতেন। গত ১৫ জুলাই লিমা অসুস্থ বাবাকে দেখতে মেয়েকে নিয়ে বালুরমাঠ হারুন মোল্লার বস্তিতে যান। সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে কবির ইসলাম ক্ষিপ্ত হয়ে নানির কোল থেকে সাত মাসের শিশুকে ছিনিয়ে নিয়ে মাথার ওপর তুলে রাস্তায় আছড়ে মারেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরদিন (১৬ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন কবির ইসলামকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরদিন তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শিশুটির মৃত্যুর পর ১৭ জুলাই তার নানি সারমীন আক্তার তুরাগ থানায় কবির ইসলামকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।