কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ কোটি ৫২ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ৫ হাজার ৬৫৪ পিস ভারতীয় অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৩ নভেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধীন বড়জ্বালা বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে জব্দ করা মোবাইল ডিসপ্লেগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫২ লাখ ৩২ হাজার টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সুলতানপুর ব্যাটালিয়নের বিভিন্ন অভিযানে ৭ কোটি ৭০ লাখ ৭৬ হাজার ৩৯২ টাকা মূল্যের মাদকদ্রব্য এবং ১৭৫ কোটি ৬ লাখ ৫৯ হাজার ১২৩ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এসব অভিযানে মোট ৬৫ জন আসামিকে আটক করা হয়। এ ছাড়া মানব পাচারবিরোধী অভিযানে আটক করা হয়েছে পাঁচজন মানব পাচারকারীকে।
সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ এবং মানব পাচার বন্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।












