কুমিল্লারবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ২১, ২০২৬ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নৈতিকতা ও আদর্শিক শিক্ষায় শিশু-কিশোরদের গড়ে তুলতে হবে: ইউসুফ মোল্লা টিপু

শিশু-কিশোরদের নৈতিকতা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক গুণাবলিতে সমৃদ্ধ আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু।

তিনি বলেন, শুধু পাঠ্যবইয়ের শিক্ষাই নয়, সত্যবাদিতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সৃজনশীলতার চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সুন্দর সমাজ ও দেশ গঠনে শিশু-কিশোরদের নৈতিক ও আদর্শিক শিক্ষার বিকল্প নেই।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় কুমিল্লা নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো’ স্লোগানকে সামনে রেখে ফুলকুঁড়ি আসর কুমিল্লা মহানগরী শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কুমিল্লা মহানগরী শাখার সভাপতি ডা. এন এম শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াদ খান, কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মজিবুর রহমান।

সভাপতির বক্তব্যে ডা. এন এম শাহজাহান বলেন, শিশু-কিশোররাই আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। তাই ছোটবেলা থেকেই তাদের মধ্যে নৈতিকতা, সততা, শৃঙ্খলা, মানবিকতা ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে হবে। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠান পরিচালনা করেন কুমিল্লা আসরের পরিচালক বায়েজিদ আলম আবির ও মুছা সরদার। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।