কুমিল্লাসোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘কথা আছে’ বলে ডেকে নিয়ে হাত-পা বেঁধে প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ৫, ২০২৬ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ‘কথা আছে’ বলে ডেকে নিয়ে এক প্রবাসীকে বেধড়ক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাতে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কলমোগাড়া এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় ওই প্রবাসীকে উদ্ধার করা হয়। পরে উপজেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ওই প্রবাসী উপজেলার দাইপুকুরিয়ার বাটা গ্রামের মৃত গোল মোহাম্মদের ছেলে বাবুল আক্তার (৩৫)। এদিকে মৃত্যুর আগ মুহূর্তে বাবুল আক্তার বলেন, ‘‘কথা আছে’ বলে আনারুল আমাকে ডেকে নিয়ে যান এবং আমার হাত-পা বেঁধে আনারুল, বশির ও কটাসহ কয়েকজন পেটায়।’’
স্থানীয়রা ও নিহত ব্যক্তির মেয়ে জামাই আব্দুর রহমান অভিযোগ, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের একটি দোকান থেকে একই এলাকার আনারুল, বশির ও কটাসহ কয়েকজন ‘কথা আছে’ বলে বাবুলকে ডেকে নিয়ে যান। পরে কলমুগাড়া এলাকায় হাত-পা বেঁধে তাকে বেধড়ক মারধর করে ফেলে রেখে যান। এলাকাবাসী তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে, অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
শিবগঞ্জ থানার ওসি মো. মতিউর রহমান বলেন, ‘বাবুল আক্তার এলাকার এক ব্যক্তিকে রাশিয়ায় পাঠিয়েছিলেন। কিন্তু সেখানে যুদ্ধে গিয়ে ওই ব্যক্তি মারা যান। এ নিয়ে এলাকায় মীমাংসা হলেও দুই পক্ষের বিরোধ থেকেই যায়। সেই জের ধরে রাশিয়ায় মারা যাওয়া যুবকের লোকজন বাবুলকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।’

ওসি আরও জানান, ‘পুলিশ ঘটনাস্থলে কাজ করছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।’