ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুজ্জামান (৩৩) ও মোস্তাকিম (৩২) নামের দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩৩-এমপির কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।
আসাদুজ্জামান পীরগঞ্জ উপজেলার দক্ষিণ ইন্দ্রইল গ্রামের ওয়াজ উদ্দীনের ছেলে এবং উপজেলার উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে মোস্তাকিম।
আহতের নাম শ্রী উদা। তিনি উত্তর ইন্দ্রইল গ্রামের মুনষা নারায়ণের ছেলে শ্রী উদা।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার ভোরে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) পীরগঞ্জ চান্দেরহাট বিওপির সীমান্ত পিলার ৩৩৩/এমপি দায়িত্বপূর্ণ এলাকায় ৬৩/চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের টহলদল গুলি চালায়। এতে তিনজনই গুরুতর আহত হলে বিএসএফ সদস্যরা তাদের উদ্ধার করে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাজাহান আলী জানান, বিএসএফের গুলিতে নিহত দুজনই আমাদের এলাকার ছেলে।
ভারতীয় সংবাদমাধ্যমের মাধ্যমে আমরা তাদের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। বিজিবিকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোর প্রক্রিয়া চলছে।
৪২ বিজিবির সিইও আবদুল্লাহ আল মঈন বলেন, বিষয়টি আমরা বিভিন্ন সূত্রে জেনেছি। তবে বিএসএফ এখনও অফিসিয়ালভাবে আমাদের নিশ্চিত করেনি। এ ঘটনার বিস্তারিত তথ্যের জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে।












