কুমিল্লারবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসীর স্ত্রীর ভাড়া বাসায় বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ১২, ২০২৬ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে প্রবাসীর স্ত্রীর ভাড়া বাসা থেকে কবীর হোসেন নামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলেজের পেছনে একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কবির হোসেন (২৫) ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের তেলীগ্রাম পূর্বপাড়া বড়ইআটা গ্রামের আবুল কালামের ছেলে। তিনি গৃহশিক্ষকতা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন প্রবাসী উজ্জলের স্ত্রী শিরিন আক্তার ও তার সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছেলে। উজ্জল হোসেন ওমানে অবস্থান করছেন। শিরিন আক্তারের ছেলেকে প্রায় দুবছর ধরে বাসায় গিয়ে প্রাইভেট পড়াতেন কবির হোসেন।

গত বৃহস্পতিবার শিরিন আক্তার ময়মনসিংহ শহরে তার বড় বোনের বাসায় বেড়াতে যাওয়ার সময় কবির হোসেনকে বাসায় থাকার জন্য চাবি দিয়ে যান। শুক্রবার কোনো এক সময় তিনি বাসার ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

নিহতের মা জোসনা বেগমের দাবি, তার ছেলে বাড়িতে গেলে উজ্জল হোসেনের স্ত্রী শিরিনা আকতার ফোন করে তাকে বাসায় ডেকে নিতেন। তার অভিযোগ, শিরিনা আকতারের কারণেই তার ছেলে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

ফুলবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ সাহা বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার বিষয়ে ভাড়াটিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অধিকতর তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে।

ফুলবাড়ীয়া থানার ওসি রাশেদুল হাসান বলেন, আমি ঘটনাস্থলে আছি। ঘটনাস্থলেই প্রবাসীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।