কুমিল্লাশনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেবীদ্বারে ‘হানি ট্র্যাপ’ চক্রের কথিত মূলহোতা লাইলি মাদকসহ গ্রেপ্তার

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার দেবীদ্বারে ‘হানি ট্র্যাপ’ ও ‘লেডি ডন’ হিসেবে পরিচিত লাইলি আক্তার (৩৫) নামের এক নারীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল ও অর্থ আত্মসাৎ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে এবার ব্ল্যাকমেইল বা চাঁদাবাজির অভিযোগে নয়, মাদক বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) সাগর বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে দেবীদ্বার নিউমার্কেট এলাকার রহমানিয়া সুপার মার্কেটের পেছনে ‘আহসান মঞ্জিল’ নামের একটি ভাড়া বাসা থেকে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তার লাইলি আক্তার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ঘোষঘর গ্রামের আব্দুর রশিদ মিয়ার মেয়ে। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে ওই বাসায় ভাড়া থাকতেন। সেখানে একটি চক্রের সহযোগিতায় নারী ও মাদক ব্যবসার আড়ালে বিভিন্ন ব্যক্তিকে কৌশলে ফাঁদে ফেলে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ এবং পরে সেগুলো ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এর আগে গত ৭ এপ্রিল একই বাসায় অবস্থানকালে পর্নোগ্রাফি মামলায় লাইলি আক্তার গ্রেপ্তার হয়ে কারাগারে যান। পরে জামিনে বের হয়ে তিনি আবারও ওই এলাকায় অবস্থান করে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে পুলিশের দাবি।

পুলিশ আরও জানায়, লাইলির বিরুদ্ধে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় অর্ধশত ব্যক্তিকে হানি ট্র্যাপের মাধ্যমে ফাঁদে ফেলার অভিযোগ রয়েছে। গত ৭ এপ্রিল উপজেলার জাফরগঞ্জ মাজেদার আহসান মুন্সী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোকবল হোসেনকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। পরে ওই বাসায় অভিযান চালিয়ে পুলিশ ওই শিক্ষককে উদ্ধার করে। এ ঘটনায় করা মামলায় লাইলি আক্তারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লাইলি আক্তারের সঙ্গে জড়িত অপরাধ চক্রের অন্য সদস্যদের বিষয়েও তদন্ত করা হচ্ছে। মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় লাইলি আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

গ্রেপ্তারের বিষয়ে লাইলি আক্তার দাবি করেন, তিনি আর মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন। তার ছেলে মাদক ব্যবসা করেন। রাতে ছেলে ঘুমিয়ে থাকার সময় তার বন্ধুরা ইয়াবা নিতে এলে তিনি জানালা দিয়ে ইয়াবা দেওয়ার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “এই নারী খুবই ধুরন্ধর। তিনি জামিনে এসে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। পূর্বের পর্নোগ্রাফি মামলাটিও চলমান রয়েছে। এখন এ মামলার সূত্র ধরে তার সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা করা হবে।”