দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু এবং এক হাজার ৫৬ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মারা যাওয়া দুজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৪৩ জনের মৃত্যু হলো। এর মধ্যে সেপ্টেম্বরে প্রাণ গেছে ৪৬ জনের, যা মাসের হিসাবে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১০৮ জন ভর্তি হয়েছেন, দক্ষিণ সিটিতে ভর্তি হন ৭৬ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ২৫১ জন।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৪৪ জন, চট্টগ্রামে ১০৩ জন, খুলনায় ১৯৯ জন, ময়মনসিংহে ৪৮ জন, রাজশাহীতে ৭৩ জন, রংপুরে ৪৭ জন ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ৭ জন ভর্তি হয়েছেন।
বুলেটিনের তথ্য অনুসারে, গেল ২৪ ঘণ্টায় এক হাজার ৫৪ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
চলতি বছর ৫০ হাজার ২৭৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৬ হাজার ৬৯৯ জন হাসপাতাল ছেড়ে গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।









