কুমিল্লারবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় প্রতারণার মামলায় ডিব্বা সুমন অবশেষে গ্রেফতার

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ১২, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

দীর্ঘদিন পলাতক থাকার পর প্রতারণা মামলায় আদালতের রায়ে সাজাপ্রাপ্ত এ.বি.এম আশরাফুল আলম সুমনকে গ্রেফতার করা হয়েছে।

গত ১০ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার ধানমন্ডি রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সুমন কুমিল্লা সদর উপজেলার পূর্ব বাগিচাগাঁও এলাকার বাসিন্দা মো: আলমগীরের ছেলে। যিনি স্থানীয়ভাবে “ডিব্বা সুমন” নামেও পরিচিত। এছাড়াও “অগ্রগামী রিয়েল এস্টেট লিমিটেড” ও সুমন প্রপার্টিজ-এর চেয়ারম্যান হিসেবে পরিচিত।

কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালতে (সি.আর মামলা নং-১৬৩/২০২৩, কোতোয়ালী) দণ্ডবিধির ৪২০ ধারায় (প্রতারণা) দায়ের করা মামলায় গত ২৩ অক্টোবর ২০২৫ইং তারিখে রায় ঘোষণা করা হয়। রায়ে বিচারক উল্লেখ করেন, অভিযোগকারীপক্ষের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে আসামি সুমনের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ফ্ল্যাট বিক্রয়ের চুক্তির শর্ত ভঙ্গ করে এবং ফ্ল্যাটের প্রকৃত আয়তন ও মূল্য সম্পর্কে অভিযোগকারীকে বিভ্রান্ত করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে আসামিকে দোষী সাব্যস্ত করা হয়। রায়ে আসামিকে ১ (এক) বছর ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়; অনাদায়ে আরও ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রায়ে আরও উল্লেখ করা হয়, বিচার চলাকালীন সময়ে আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও সাজা পরোয়ানা জারি করা হয়েছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে তাকে গ্রেফতার করা সম্ভব হলো।

অন্যান্য অভিযোগ:

মামলার নথি ও ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, সুমনের বিরুদ্ধে এটিই একমাত্র অভিযোগ নয়। মনির নামের এক ভুক্তভোগীর করা অভিযোগে বলা হয়েছে, তাকে মারধর করে জোরপূর্বক ৯টি খালি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছে ডিব্বা সুমন। এছাড়া ডিব্বা সুমনের বিরুদ্ধে নিজ বৃদ্ধ বাবাকে একাধিকবার মারধর করে রক্ষাক্ত করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগও রয়েছে, যার সিসিটিভি ফুটেজ সংরক্ষিত থাকার দাবি করা হয়েছে। এ সংক্রান্ত পৃথক অভিযোগ ও সাধারণ ডায়েরি কোতোয়ালী থানায় দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সম্পত্তি বিরোধের জেরে আপন ছোট ভাই ইঞ্জিনিয়ার মনিরের ওপর হামলা চালিয়ে হাত ভেঙ্গে দেয়া ও খালি স্টাম্পে জোড় করে সাইন নেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

উল্লেখ্য, এসব অভিযোগ পৃথক অভিযোগ/মামলা হিসেবে বিবেচনাধীন এবং তদন্ত বা বিচার প্রক্রিয়ার মাধ্যমে এর সত্যতা নিরূপিত হবে।

গ্রেফতারের পর সুমনকে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।