কুমিল্লাসোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দন

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ২৩, ২০২৬ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। নতুন দায়িত্বে রাষ্ট্রপতির সাফল্য কামনার পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

শনিবার (২২ আগস্ট) কাতারের আমিরের প্রশাসনিক কার্যালয় আমিরি দিওয়ান থেকে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের জন্য তাকে শুভেচ্ছা জানান কাতারের আমির। দায়িত্ব পালনে তার সাফল্য কামনা করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশ ও কাতারের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সম্প্রসারিত ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন শেখ তামিম।

এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। পরে রোববার (২৩ আগস্ট) রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী প্রথমবারের মতো বঙ্গভবনে নিজের কার্যালয়ে যান তিনি।

রাষ্ট্রপতির গাড়িবহর বঙ্গভবনে পৌঁছালে সুসজ্জিত অশ্বারোহী দল তাকে স্বাগত জানায়। পরে বঙ্গভবন লেনে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।

এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্য দিয়ে ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটে অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি নির্বাচন।