সৌদি আরবের পবিত্র মদিনা মনোয়ারায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মো. ইলিয়াস নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে মদিনার এক খামার (মাজারা) সংলগ্ন প্রবাসীদের থাকার জায়গায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মো. ইলিয়াস চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিকদার পাড়ার বাসিন্দা।
নিহত ইলিয়াসের বন্ধু আলমগীর বলেন, প্রতিদিনের মতো খামারে (মাজারা) কাজের ফাঁকে প্রবাসীদের থাকার একটি ঝুপড়ি ঘরে বিশ্রাম নিচ্ছিলেন ইলিয়াসসহ কয়েকজন। হঠাৎ করেই সেই ঘরে আগুন লেগে যায়। এ সময় ভেতরে থাকা ৮-১০ জন কোনোমতে দ্রুত বের হয়ে আসতে পারলেও ভেতরেই আটকে পড়েন ইলিয়াস। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে নিহতের মরদেহ মদিনার একটি স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।












