কুমিল্লাবুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভয়াবহ আগুনে বিধ্বস্ত মাদ্রিদের মানুষের জন্য মেসির কোটি টাকার অনুদান

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ৪, ২০২৬ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। আগুনে বিধ্বস্ত সিয়েরা ওয়েস্তে অঞ্চল পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৪ লাখ টাকা অনুদান দিয়েছেন ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড।

মাদ্রিদ কমিউনিটির প্রেসিডেন্ট ইসাবেল দিয়াস আয়ুসো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মেসির এই অনুদানের তথ্য জানান। তিনি লেখেন, ‘সিয়েরা ওয়েস্তে দে মাদ্রিদের পুনর্গঠনের জন্য লিও মেসি ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন। তার প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি, খুব শিগগিরই তাকে আবার মাদ্রিদে স্বাগত জানাতে পারব এবং মানুষ তার প্রাপ্য সম্মান জানাবে।’

গত কয়েক সপ্তাহে ভয়াবহ দাবানলে মাদ্রিদের সিয়েরা ওয়েস্তে অঞ্চলের বিস্তীর্ণ এলাকা পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বনভূমি, বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা। অনেক বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়েছে। আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। নতুন করে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ঠেকাতে এখনো নজরদারি চালিয়ে যাচ্ছেন জরুরি সেবাকর্মীরা।

মাদ্রিদ অঞ্চলের ফায়ার সার্ভিস বাহিনী, বন অগ্নিনির্বাপক ইউনিট ও বনরক্ষীদের একাধিক দল রাতভর ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছে। বিশেষ করে সান হুয়ান জলাধারের আশপাশের এলাকাগুলোতে নিবিড় পর্যবেক্ষণ চলছে। নিরাপত্তার কারণে পেলায়োস দে লা প্রেসা ও সান মার্তিন দে ভালদেইগ্লেসিয়াসের সাতটি আবাসিক এলাকায় এখনো প্রবেশ সীমিত রাখা হয়েছে। একই সঙ্গে সান হুয়ান জলাধার, আলবের্শে সৈকত এবং এম-৯৫৭ মহাসড়কের একটি অংশও বন্ধ রয়েছে।

মানবিক কর্মকাণ্ডে মেসির সম্পৃক্ততা নতুন নয়। ২০০৭ সালে প্রতিষ্ঠিত লিও মেসি ফাউন্ডেশন–এর মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে শিশু ও তরুণদের স্বাস্থ্য, শিক্ষা এবং খেলাধুলাবিষয়ক বিভিন্ন উদ্যোগে সহায়তা দিয়ে আসছেন। মাদ্রিদের দাবানল–দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে সেই মানবিক উদ্যোগেরই আরেকটি নজির গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক।