কুমিল্লাশুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রী-দুই মেয়েসহ নদীর পানিতে ভেসে গেলো গাড়ি, গাছে ধরে বেঁচে গেলেন বাবা

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ৩১, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

ভারতের মহারাষ্ট্রের যাবতমল বিভাগে নদীর পানিতে গাড়ি ভেসে গিয়ে এক মা ও তার দুই মেয়ে প্রাণ হারিয়েছেন। অপরদিকে গাছের ডাল ধরে বেঁচে গেছেন তাদের বাবা। আজ শুক্রবার (৩১ জুলাই) তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার পরিবারটি আহিলইয়ানগর নামে একটি জেলায় যাচ্ছিলেন। সেখানে এদিন ভারী বৃষ্টিপাত হয়। এরফলে সেখানকার কুপ্তি নদীটি ফুলেফেঁপে ওঠে এবং নদীতে থাকা সেতুটি ডুবিয়ে ফেলে।

গাড়ির চালক বুঝতে পারেননি সেতুটি কতটা ডুবেছে। এছাড়া স্রোত সম্পর্কেও বুঝতে পারেননি। এতে করে গাড়িটি সেতুতে তুলে দেন তিনি। তখনই তীব্র স্রোত ও পানি বেশি থাকায় গাড়িটি ভেসে সেতু থেকে নদীর মাঝে চলে যায়।

ওই সময় অভিনাশ খান্দারে নামে ওই বাবা তাৎক্ষণিকভাবে একটি গাছে ধরে ফেলেন। কিন্তু তার দুই মেয়ে ও স্ত্রী গাড়িসহ ভেসে যায়। তিনি তখন চেয়ে দেখা ছাড়া আর কিছু করতে পারেননি।

পুলিশ ঘটনা সম্পর্কে জানতে পেরে দ্রুত সেখানে যায়। এছাড়া উদ্ধারকারীরাও ছুটে যান। এরপর সারারাত উদ্ধার অভিযান চালিয়ে তাদের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।