কুমিল্লারবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ৫, ২০২৬ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আবু সাঈদসহ সব শহিদদের স্মরণে ১৬ জুলাইকে ‘শহিদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (৫ জুলাই) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই সংঘটিত দুটি আলোচিত হত্যাকাণ্ডের পর আন্দোলনের প্রভাব দেশব্যাপী ছড়িয়ে পড়ার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও আলোচিত হয় এবং আন্দোলন আরও ত্বরান্বিত করে তোলে।

তিনি আরও বলেন, আলোচিত শহীদ আবু সাঈদের ঘটনার কথা আপনারা জানেন, যিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তার এ আত্মত্যাগকে স্মরণীয় করে রাখার জন্য সেখানে একটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আজম খান উপস্থিত থাকবেন।

একই দিনে চট্টগ্রামের কক্সবাজারের পেকুয়ায় শহিদ ওয়াসিম আকরামের স্মরণেও একই মর্যাদায় একটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সেখানে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ইশরাক হোসেন।

ইশরাক হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর নিপীড়নের প্রতিবাদের অংশ হিসেবে আগামী ১৫ জুলাই শাহবাগে একটি বিশেষ অনুষ্ঠান হবে। এ ছাড়া ১৬, ১৭ এবং ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধের কথা স্মরণ করে ১৮ জুলাইকে “প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে” হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ দিন আর্মি স্টেডিয়ামে একটি প্রতিবাদ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সরকারের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২৪ জুলাই যাত্রাবাড়ীতেও একটি সমাবেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।