কুমিল্লাবৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লাকসামে চুরির ঘটনায় গ্রেপ্তার ১

প্রতিবেদক
Cumilla Press
জুন ১১, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার লাকসামে একটি বাসা থেকে নগদ ২ লাখ ২৬ হাজার ৫০০ টাকা চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে চুরি হওয়া টাকার মধ্যে ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মাসুদ রানা। তাঁর বিরুদ্ধে এর আগে চুরির আরও চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, লাকসাম পৌরসভার উত্তর লাকসাম হাউজিং এলাকার বাসিন্দা ও সালেহা টাইলস-স্যানিটারি ব্যবসায়ী মো. আবদুল্লাহ আল মামুন গত ৯ জুন রাতে ব্যবসার বিক্রয়লব্ধ ২ লাখ ২৮ হাজার টাকা বাসার স্টিলের আলমারিতে রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে আলমারির ড্রয়ার খোলা দেখতে পান। পরে সেখানে রাখা টাকার মধ্যে মাত্র ১ হাজার ৫০০ টাকা পড়ে থাকতে দেখা যায়। বাকি ২ লাখ ২৬ হাজার ৫০০ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী লাকসাম থানায় দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় মামলা করেন।

পুলিশ জানায়, ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন হিসেবে মাসুদ রানাকে শনাক্ত করা হয়। পরে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুল লাইলীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে চুরি হওয়া টাকার মধ্যে ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

লাকসাম থানার ওসি কাজী কামরুল লাইলী বলেন, চুরির ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। চুরি হওয়া বাকি টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।