কুমিল্লামঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারকে জরিমানা

প্রতিবেদক
Cumilla Press
জুন ২, ২০২৬ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে কুমিল্লার মুরাদনগরে অতিরিক্ত গাড়িভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। মোবাইল কোর্টের অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১ জুন ২০২৬) কোম্পানিগঞ্জ আন্তঃজেলা বাস কাউন্টারগুলোতে পরিচালিত অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায় মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী দুটি মামলায় দুইজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানা অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এদিকে একই দিনে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মুরাদনগর সদর ইউনিয়নের ইউসুফনগর বিল এলাকায় ড্রেজারবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি ড্রেজার ও প্রায় তিন হাজার ফুট পাইপ অপসারণ করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাছান খান। তিনি জানান, ঈদকে কেন্দ্র করে সাধারণ যাত্রীদের ভোগান্তি কমানো এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

এর আগে, ৩১ মে আল্লাহু চত্বরসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত গাড়িভাড়া আদায়, অবৈধ পার্কিং এবং ফুটপাত দখলের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওই অভিযানে চারটি মামলায় মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদকে কেন্দ্র করে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায়, অবৈধ দখল এবং জনদুর্ভোগ সৃষ্টিকারী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।