কুমিল্লামঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা জেলা পুলিশে ভালো কাজের স্বীকৃতিতে অফিসার-ফোর্সদের পুরস্কৃত

প্রতিবেদক
Cumilla Press
মে ১৯, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ কর্মকর্তা ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে) কুমিল্লা পুলিশ লাইন্স ড্রিলশেড শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম। সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়া।

সভায় জেলার বিভিন্ন ইউনিট থেকে আসা পুলিশ সদস্যরা তাদের পেশাগত ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে সেসব সমস্যা শুনে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় পুলিশ সুপার দায়িত্ব পালনে সতর্কতা, পেশাদারিত্ব ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নৈতিক স্খলন রোধ, দক্ষতা বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত, যানজট নিয়ন্ত্রণ, জাল টাকা প্রতিরোধ এবং চুরি-ছিনতাই রোধে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।

সভায় গত এপ্রিল মাসের বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়। শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক এবং সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মোঃ শাহীন।

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ‘ক’ ক্যাটাগরিতে কোতোয়ালী মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার, ‘খ’ ক্যাটাগরিতে হোমনা থানার ওসি টমাস বড়ুয়া এবং মাদক উদ্ধারে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে ব্রাহ্মণপাড়া থানার ওসি মোঃ ফারুক হোসেন নির্বাচিত হন।

পরে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন অফিসার ও ফোর্সদের হাতে অর্থ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার। একইসঙ্গে ভবিষ্যতে আরও ভালো কাজের জন্য তাদের উৎসাহিত করেন তিনি।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইশতিয়াক হাসান আমীনসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।