কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি নসিমন দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষে নসিমনটি প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে ছিটকে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট ও হাসানপুর স্টেশনের মাঝামাঝি গোমকোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিজয় এক্সপ্রেস ট্রেনটি প্রায় আধা ঘণ্টা ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল।
নাঙ্গলকোট রেলস্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস সকাল ১১টা ২৭ মিনিটে হাসানপুর স্টেশন অতিক্রম করে গোমকোট বাজারসংলগ্ন আলিয়ারা সড়কের রেলক্রসিং এলাকায় পৌঁছায়। এ সময় রেললাইনের ওপর একটি নসিমন আটকে ছিল। ট্রেনটি সেটিকে ধাক্কা দিলে নসিমনটি প্রায় আধা কিলোমিটার দূরে ছিটকে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।
নাঙ্গলকোট রেলস্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, গোমকোট এলাকায় ট্রেনটি একটি নসিমনের সঙ্গে ধাক্কা খায়। এতে যানটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।












