গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ব্যবসায় অনুষদের ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের শিক্ষার্থী ফারহানা সুলতানা ঐশী।
সোমবার ভর্তি পরীক্ষার কোর কমিটির পক্ষ থেকে এ ফলাফল প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এবার ‘সি’ ইউনিটে মোট ২৫ হাজার ২১৬ জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ১৯ হাজার ৬০৬ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ছিল ৭৭ দশমিক ৫০ শতাংশ।
প্রকাশিত ফল অনুযায়ী, পরীক্ষায় পাসের হার ৬৬ শতাংশ। মোট ১২ হাজার ৯৭৮ জন শিক্ষার্থী ৩০-এর বেশি নম্বর পেয়ে প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন। অপরদিকে ৬ হাজার ৬২২ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এছাড়া তথ্যগত ভুলের কারণে ৬ জন পরীক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে।
মেধা তালিকায় প্রথম হওয়া ঐশী পেয়েছেন ৮৫ নম্বর। এদিকে সর্বনিম্ন নম্বর ছিল মাইনাস ৫।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা গুচ্ছ ভর্তি পরীক্ষার নির্ধারিত ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন। প্রাথমিকভাবে উত্তীর্ণদের পরবর্তী ধাপে বিভাগ ও বিশ্ববিদ্যালয় পছন্দক্রম পূরণের নির্দেশনা দেওয়া হবে।












