৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নিতে খুলনা থেকে ঢাকায় আসছিলেন শেখ মিশা খাতুন। গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহনের বাস খাদে পড়ে নিহত হন তিনি।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার সালিনাবক্সা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই দুর্ঘটনায় আরও দুজন নিহত হয়েছিলেন। নিহত শেখ মিশা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ৩৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
শেখ মিশা খাতুন নিহতের ঘটনায় শোক জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু)।
শোকবার্তায় বলা হয়, শেখ মিশা খাতুন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনে খুলনায় পরীক্ষক (কেমিক্যাল) পদে কর্মরত ছিলেন। কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়ার পরও নিজের স্বপ্ন ও ভবিষ্যৎকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়ে ৫০তম বিসিএসের ভাইভায় অংশগ্রহণের উদ্দেশে তিনি ঢাকার পথে যাত্রা করেছিলেন। তবে সেই যাত্রাই তার জীবনের শেষ যাত্রায় পরিণত হয়।
মিশা খাতুনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। শোকবার্তায় বলা হয়, একজন মেধাবী শিক্ষার্থী ও সম্ভাবনাময় প্রাণের এভাবে চলে যাওয়া অত্যন্ত অপূরণীয় ক্ষতি। তার স্মৃতি সবার মধ্যে চিরদিন বেঁচে থাকবে।
ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদের সই করা শোকবার্তায় মিশা খাতুনের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করা হয়েছে। একই সঙ্গে মহান আল্লাহর কাছে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করা হয়। এ ছাড়া শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।












