দেশে হঠাৎ করে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বাড়ছে স্বাস্থ্যখাতে। চিকিৎসকরা বলছেন, নিয়মিত টিকাদান কর্মসূচিতে ব্যাঘাত এবং কিছু ক্ষেত্রে অভিভাবকদের অসচেতনতার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত শিশুর সংখ্যা দ্রুত বাড়ছে। চলতি বছরে শুধু এই হাসপাতালেই ছয় শতাধিক শিশু ভর্তি হয়েছে, যার মধ্যে ২২ জনের মৃত্যু হয়েছে।
চিকিৎসকদের মতে, ৯ থেকে ১৫ মাস বয়সে দেওয়া হামের টিকা যথাসময়ে না পাওয়ায় শিশুদের মধ্যে রোগ প্রতিরোধক্ষমতা তৈরি হচ্ছে না। তবে উদ্বেগজনক বিষয় হলো—বর্তমানে আক্রান্তদের বড় একটি অংশের বয়স ৯ মাসের নিচে, যা অভিভাবকদের মধ্যে বাড়তি দুশ্চিন্তার সৃষ্টি করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিভাগীয় হাসপাতালগুলোতে আইসিইউ সুবিধা বাড়ানোসহ চিকিৎসা সক্ষমতা জোরদার করা হচ্ছে। পাশাপাশি নতুন করে টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৬০৪ কোটি টাকা।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সময়মতো টিকা নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা না হলে সংক্রমণ আরও বাড়তে পারে।












