দেশজুড়ে হামের সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে, আর বাড়ছে মৃত্যুর সংখ্যাও।
স্বাস্থ্য সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতোমধ্যে অন্তত ১০টি জেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চলতি বছরের মার্চ পর্যন্ত ২২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে শুধু মার্চ মাসেই আরও অন্তত ২১ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
হাসপাতালটির জুনিয়র কনসালটেন্ট ডা. শ্রীবাস পাল জানান, চলতি বছরে সেখানে ছয় শতাধিক হাম রোগী চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ২২ শিশুর মৃত্যু হয়েছে এবং মার্চ মাসেই পাঁচ শতাধিক রোগী ভর্তি হয়েছে। বর্তমানে শতাধিক রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চিকিৎসকদের মতে, নিয়মিত টিকাদান কর্মসূচিতে ঘাটতির কারণেই হামের সংক্রমণ বেড়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সময়মতো টিকা গ্রহণ করলে এই রোগ প্রতিরোধ সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।












