রাতের মধ্যে ঢাকাসহ দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৮ মার্চ) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর বলছে, বুধবার দুপুর আড়াইটা থেকে রাত ১টার মধ্যে ঢাকা, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড় বয়ে যেতে পারে।
সময় দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। এ সময় দেশের সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটি ও ফেনীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।


.












