শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে নির্বাচন পরবর্তী সময়ে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, নির্বাচনে জামায়াতের পক্ষে কাজ করায় তাদের ওপর হামলা চালানো হচ্ছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের চৌরাঙ্গী এলাকায় জামায়াতের জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা। জেলা জামায়াতের নায়েবে আমির কেএম মকবুল হোসেন জানান, নির্বাচনের শুরু থেকেই বিএনপি নেতাকর্মীরা সহিংস আচরণ শুরু করেছে। নির্বাচনে বিএনপির প্রার্থী শফিকুর রহমান কিরণ জয়লাভ করার পরও তাদের নেতাকর্মীরা হামলা চালিয়ে যাচ্ছে।
ভুক্তভোগী জামায়াতের কর্মী মানিক বালা অভিযোগ করেন, বৃহস্পতিবার নিজের অফিসে বসে থাকা অবস্থায় স্থানীয় যুবদল নেতা আফজাল বালা ও তার অনুসারীরা অফিসে হামলা চালিয়ে মারধর, আগুন লাগানোর হুমকি এবং আতঙ্ক সৃষ্টি করেছে। প্রশাসনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
জেলা জামায়াতের নায়েবে আমির বলেন, তারা সবসময় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে চেয়েছে, কিন্তু সরকার দলীয় নেতাদের সহিংসতা অব্যাহত রয়েছে। তিনি প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তবে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ না দেওয়ায় নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। ওসি বলেন, প্রশাসন কাউকে ভয়ভীতি দেখাননি, বরং শান্তিপূর্ণ সমঝোতার পরামর্শ দেওয়া হয়েছে।












