স্টাফ রিপোর্টার: সাইফুল ইসলাম
কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামী হাবিবুর রহমান ভূঁইয়া হাবিবের মৃত্যুর পর তার লাশ দেখে স্ত্রী আয়েশা বেগম (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীপুর ইউনিয়নের একটি গ্রামে বুধবার ভোরে।
নিহত হাবিবুর রহমানের ছোট ভাই আব্দুল হালিম জানান, তার ভাই হাবিবুর রহমান ভূঁইয়া হাবিব (৭০) স্থানীয় কাঁলা বাগান বাজারের বিসমিল্লাহ সার ডিলার ছিলেন। বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত কুমিল্লা শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে ভোর রাতে তার লাশ বাড়িতে নিয়ে আসা হলে স্ত্রী আয়েশা বেগম স্বামীর নিথর দেহ দেখে অজ্ঞান হয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে কুমিল্লা শহরের একই বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
স্বামী-স্ত্রীর এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাবিব-আয়েশা দম্পতির সংসারে ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। বুধবার রাত ৮টায় পারিবারিক কবরস্থানে পাশাপাশি তাদের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।












