স্কুলে সিসি ক্যামেরা বসানো হয়েছিল ভোট চুরি, অনিয়ম ধরতে। সেই সিসি ক্যামেরাই চুরি করে নিয়েছে চোর। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের জুগলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে।
কালীগঞ্জের সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘একটি ক্যামেরা চুরি হয়েছিল
ওই দিনই নতুন ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং নিরাপত্তার জন্য রাতে পাহারাদার নিয়োগ দেওয়া হয়েছে।’
জানা গেছে, জুগলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি গুরুত্বপূর্ণ (সাধারণ ঝুঁকিপূর্ণ) কেন্দ্র হিসেবে চিহ্নিত। এখানে ৫টি বুথে ভোট প্রদান করার কথা ২ হাজার ২৯৬ জন ভোটারের। আসন্ন নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রটিতে পাঁচটি সিসি ক্যামেরা স্থাপন করে নির্বাচন কমিশন।
এর মধ্যে একটি ক্যামেরা অফিসকক্ষে, দুটি বারান্দায়, একটি মাঠে এবং একটি সড়কের দিকে স্থাপন করা হয়। এ ছাড়া জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য একটি ক্যামেরা রিজার্ভ রাখা হয়।’
গত শনিবার (৩১ জানুয়ারি) রাতে অজ্ঞাতপরিচয় চোর স্কুলের বারান্দায় স্থাপিত দুটির মধ্যে একটি ক্যামেরা চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে জানতে পেরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদরুন্নাহার বেগম ঘটনাটি সহকারী রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে জানান।
বদরুন্নাহার কালের কণ্ঠকে জানান, ঘটনাটি তিনি মৌখিকভাবে থানার ওসিকেও জানিয়েছেন। রিটার্নি কর্মকর্তার নির্দেশে ওই দিনই রিজার্ভ রাখা ক্যামেরাটি ওই স্থানে পুনরায় স্থাপন করা হয়। পাশাপাশি রাতের বেলায় বিদ্যালয় ভবন ও ক্যামেরার নিরাপত্তার জন্য একজন নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, কয়েক সপ্তাহ ধরে এলাকায় চুরির উপদ্রব বেড়ে গেছে।












