কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বছরে ১২ লাখ চালকের লাইসেন্স দিতে ৩৫০ প্রশিক্ষণ কেন্দ্র চায় বিআরটিএ

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৯, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জহিরুল ইসলাম খান

দেশে বছরে প্রায় ১০ থেকে ১২ লাখ চালককে প্রশিক্ষণের মাধ্যমে লাইসেন্স দেওয়ার লক্ষ্যে ৩৫০টি প্রশিক্ষণ কেন্দ্র প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ ইদ্দিন আহমেদ। বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে সারা দেশে প্রায় ১১০টি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, প্রশিক্ষণ কেন্দ্রের সংখ্যা বাড়াতে বিভিন্ন গণমাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। সরকারের যেকোনো প্রতিষ্ঠান চাইলে বিআরটিএতে আবেদন করতে পারে। তাদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হবে। পাশাপাশি ব্যক্তি উদ্যোগে যারা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে চান, তাদেরও উৎসাহিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে বেশ কিছু আবেদন পাওয়া গেছে এবং আরও আবেদন নেওয়া হচ্ছে। এর ফলে অল্প সময়ের মধ্যেই ৩৫০টি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে কাজ সম্পন্ন করা সম্ভব হবে। এসব কেন্দ্রে মাস্টার প্রশিক্ষকদের মাধ্যমে চালকদের প্রশিক্ষণ দেওয়া হবে, সেখানেই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিআরটিএ সরাসরি লাইসেন্স ইস্যু করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মু. রেজা হাসান। এ সময় কুমিল্লা জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৪৬টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা হিসেবে মোট ২ কোটি টাকার চেক বিতরণ করা হয়।
এর মধ্যে ৩৬টি নিহত পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ১ কোটি ৮০ লাখ টাকা এবং ১০টি আহত পরিবারের মধ্যে ২০ লাখ টাকার চেক প্রদান করা হয়।