চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু মেজবাহ মারা গেছে।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
এর আগে বিকেল ৪টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে নলকূপের গর্তে পড়ে যায় শিশু মেজবাহ। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ৪ ঘণ্টার চেষ্টা চালিয়ে রাত ৮টার দিকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি অসাবধাণতাবশত খোলা নলকূপের গর্তে পড়ে যায়। পরে বিষয়টি টের পেয়ে স্বজন ও স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেন।
রাউজান থানার ওসি মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেল ৪টার দিকে শিশুটি বাড়ির পাশে থাকা একটি গভীর নলকূপের গর্তে পড়ে যায়। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।












