কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢামেক হাসপাতালের নতুন ভবন থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৬, ২০২৬ ১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের আট তলা থেকে লাফিয়ে পড়ে নাজমীন আক্তার (২০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে বলে স্বজনরা দাবি করেছে।

আজ রোববার (২৫ জানুয়ারি) রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নাজমীন পটুয়াখালীর গলাচিপা উপজেলার জালাল মিয়ার মেয়ে। চার মাস বয়সী এক সন্তানের জননী ছিলেন তিনি।

হাসপাতাল ও পারিবারিক সূত্র জানায়, নাজমিন কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এক সপ্তাহ পূর্বে ঢামেক হাসপাতালে ভর্তি হন। রোববার সন্ধ্যার পর নাজমীন তার মেয়েটিকে দেখে রাখার কথা বলে বাথরুমের দিকে যান। এরপর আটতলার বাথরুমের পাশের ফাঁকা জায়গা দিয়ে নিচে লাফিয়ে পড়লে তার মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, প্রাথমিকভাবে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে মনে হচ্ছে, মেয়েটি আত্মহত্যা করতেই ভবন থেকে লাফিয়ে পড়েছেন। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।