কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফুজাইরার ক্রাউন প্রিন্সের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৪, ২০২৬ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা রাজ্যের ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন হামাদ বিন মোহাম্মদ আল শারকির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।

বুধবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত তারেক আহমেদ ক্রাউন প্রিন্সকে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

তিনি উল্লেখ করেন, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রায় ১২ লক্ষ বাংলাদেশি প্রবাসী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের আর্থসামাজিক উন্নয়নেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা পুনরায় চালু বা সহজীকরণের ক্ষেত্রে ফুজাইরার ক্রাউন প্রিন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

ফুজাইরার ক্রাউন প্রিন্সের তত্ত্বাবধানে রাজ্যটির অভূতপূর্ব উন্নয়নের ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক মেলবন্ধন জোরদারের লক্ষ্যে ফুজাইরা বন্দর ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের প্রস্তাব দেন। একই সঙ্গে ফুজাইরার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষাবৃত্তি প্রদানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।