জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় রিয়া গোপসহ ১০ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান।
সোমবার (১৯ জানুয়ারি) শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর বিচারিক প্যানেল।
আগামী ২৬ জানুয়ারি শামীম ওসমানসহ আসামিদের গ্রেফতার করে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
অভিযোগে বলা হয়, ১৯ ও ২১ জুলাই নারায়ণগঞ্জ এলাকায় দেশীয় ও বিদেশি অস্ত্র হাতে শিক্ষার্থীদের বিরুদ্ধে মাঠে নামেন শামীম ওসমান ও তার অনুসারীরা। নারায়ণগঞ্জ ক্লাবে আন্দোলন দমনের পরিকল্পনা করেন এবং রাইফেলস ক্লাবের সব অস্ত্র লুট করে তারা শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়েন। এমনকি ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনে আলোচনা করে শামীম ওসমান নিজেই অস্ত্র নিয়ে মাঠে নামেন। এসব অভিযোগসহ মোট ৩টি অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
এ সময় প্রসিকিউশন সেই ফোনালাপ পড়ে শোনায়। শামীম ওসমান ওবায়দুল কাদেরকে ফোনে বলেন, পুলিশ কিছু করতে পারছে না। আমাকে বাধ্য হয়ে অস্ত্র হাতে নিতে হয়েছে। আমি আর অস্ত্র ছাড়া বের হতে পারছি না। আপনি একটু আপাকে বলে দিয়েন অস্ত্র হাতে আমার ছবি দেখলে যেন রাগ না করেন।
শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য। তার ছেলে ছেলে ইমতিনান ওসমান অয়ন ওরফে অয়ন ওসমানকেও আসামি করা হয়েছে এ মামলায়।
নারায়ণগঞ্জে জুলাই-আগস্টে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় সবাই আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী ছিলেন। এর পরিপ্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের দায়ে মামলা হয়।












