কুমিল্লাশনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পরকীয়া সম্পর্ক: প্রেমিক-প্রেমিকাকে মাথা ন্যাড়া করে গাছে বেঁধে রাখার অভিযোগ

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৬, ২০২৬ ৬:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গার সদর উপজেলা ও দর্শনা থানার নেহালপুর ইউনিয়নের কুন্দিপুর গ্রামে পরকীয়া সম্পর্কের অভিযোগে এক নারী ও এক যুবককে প্রকাশ্যে নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ওই নারী ও যুবককে বেধড়ক মারপিট করে মাথা ন্যাড়া করা হয় এবং গলায় জুতার মালা পরিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।

ভুক্তভোগীরা হলেন- কুন্দিপুর গ্রামের স্কুলপাড়ার দিনমজুর আরিফের স্ত্রী আসমা (২৫) এবং একই গ্রামের কৃষক আহামেদ আলীর ছেলে স্বপন আলী (২৮)। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক চলছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গভীর রাতে আসমার শোবার ঘরে স্বপন আলীর উপস্থিতি টের পায় গ্রামের কয়েকজন মানুষ। পরে তারা ওই ঘরে ঢুকে দু’জনকে শারীরিকভাবে মিলিত অবস্থায় হাতেনাতে আটক করে। এ ঘটনার পর উত্তেজিত কিছু গ্রামবাসী তাদের মারধর করে এবং পরে মাথা ন্যাড়া করে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্তরা মাঝেমধ্যেই গোপনে শারীরিকভাবে মিলিত হতো বলে গ্রামবাসীরা দাবি করে আসছিল। এ ঘটনার পর উচ্ছৃঙ্খল একটি দল আইন নিজের হাতে তুলে নেয় এবং প্রকাশ্যে অপমান ও নির্যাতন চালায়।

এ বিষয়ে স্থানীয় যুবদল কর্মী নান্নু বলেন, ঘটনাটি অত্যন্ত অমানবিক। খবর পেয়ে আমি এবং আরও কয়েকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। পরে আলোচনা করে বিষয়টি মীমাংসা করা হয় এবং তাদের গাছ থেকে খুলে দেয়া হয়।

তিনি আরও বলেন, কারও ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ থাকলেও এভাবে নির্যাতন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনাটি আমাদের জানানো হয়েছে। তবে গ্রাম পর্যায়ে বিষয়টি মীমাংসা হয়ে যাওয়ায় এবং এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ না দেয়ায় পুলিশিভাবে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।