ব্রাহ্মণবাড়িয়ায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএলের) উদ্যোগে গ্যাস বিতরণ ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শহরের সুরসম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গণে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। সভাপতিত্ব করেন বিজিডিসিএলের মহাব্যবস্থাপক নাহিদ বানী ইসলাম।
এ সময় পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, বিজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফজলে আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসাইন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গণশুনানিতে বক্তারা দাবি জানান, ব্রাহ্মণবাড়িয়ায় উৎপাদিত গ্যাস আগে জেলার চাহিদা পূরণে ব্যবহার করতে হবে এবং চলমান গ্যাস সংকট দ্রুত নিরসনের আহ্বান জানান তারা।
এ সময় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান নির্বাচনের আগে গ্যাস নিয়ে আর কোনো আন্দোলনে না যাওয়ার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানান এবং গ্যাসের অপচয় রোধে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন।
সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় একই স্থানে, পর্যটনের নতুন দুয়ার
বিজিডিসিএলের পক্ষ থেকে জানানো হয়, জেলায় অতিরিক্ত দুই মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়ানো হবে। এছাড়া লিকেজ ও অপচয় রোধে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গণশুনানিতে অংশগ্রহণকারীরা গ্যাস সেবা উন্নয়ন ও নিরাপদ সরবরাহ নিশ্চিতের দাবি জানান।












