নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে ৬ জেলার শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে ৪ হাজার পিস কম্বল বিতরণ করা হয়েছে।
গত ৯ জানুয়ারি থেকে আজ ১৩ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি ৬ জেলার ১৮টি এলাকায় পরিচালিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় গরীব ও দুঃস্থ জনগণের মাঝে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
এ কার্যক্রমের আওতায় বিভিন্ন আর্মি ক্যাম্পের মাধ্যমে কম্বল বিতরণ করা হয়।


দাউদকান্দি আর্মি ক্যাম্পের অধীনে চরগোপাল, চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অধীনে মাস্টারপাড়া এতিমখানা, কুমিল্লা সদর সমাজসেবা আর্মি ক্যাম্পের অধীনে দক্ষিণ সদর জোর কানন ভূমি অফিস এলাকা ও অনন্যপুর আশ্রয় প্রকল্প, চৌদ্দগ্রাম আর্মি ক্যাম্পের অধীনে শুভপুর ইউনিয়ন, কুমিল্লা মেঘনা আর্মি ক্যাম্পের অধীনে চালিভাঙ্গা ইউনিয়ন, দেবিদ্বার আর্মি ক্যাম্প, বুড়িচং আর্মি ক্যাম্প, আখাউড়া আর্মি ক্যাম্পসহ নোয়াখালী সদর, বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ, সোনাইমুড়ি, ফেনী সদর, দাগনভূঞা, ফুলগাজী, লক্ষ্মীপুর সদর ও রায়পুর এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া পাওয়া গেছে।
সেনাবাহিনী আশা প্রকাশ করেছে, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।












