কুমিল্লাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে তালা দিয়ে আগুন, ছোট মেয়ের পর মারা গেলেন বড় মেয়েও

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২৫, ২০২৫ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ হয়ে মারা গেছেন এক শিশু শিক্ষার্থী। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়। নিহত শিশুটির শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ ছিল।

নিহত শিশুটি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী বেলাল হোসেনের ছোট মেয়ে আয়েশা আক্তার (৪)।

ঘটনাটি ঘটে গত ১৯ ডিসেম্বর রাতে ভবানীগঞ্জের চররমণী গ্রামে বেলাল হোসেনের বসতঘরে। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা ঘরের বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

আগুন লাগার পর পরিবারের সদস্যরা আটকা পড়েন। এ সময় বেলাল হোসেন, তার স্ত্রী স্মৃতি, বড় মেয়ে ও মেজ মেয়ে আহত হন। তবে সবচেয়ে বেশি দগ্ধ হয় ছোট মেয়ে আয়েশা। পরে তাকে ঢাকা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসার পর বুধবার রাতে আয়েশার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করা হয়েছে, যার মধ্যে দুটি লাগানো ছিল এবং একটি খোলা অবস্থায় পাওয়া গেছে। তবে এখনো পেট্রোল ব্যবহারের কোনো আলামত নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় বেলাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।