ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডবের একজন মুশফিকুর রহিম। তিন ফরম্যাট মিলিয়ে দেশের ক্রিকেটে সবচেয়ে বেশি রান তার ঝুলিতে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে আগেই বিদায় নিয়েছিলেন, এবার ওয়ানডে থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন। এই বিদায়ের মুহূর্তে মুশফিকুর রহিমকে নিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কেফায়াত মুন্ডি।
বৃহস্পতিবার (৬ মার্চ) ফেসবুকে এক পোস্টে মুশফিকুর রহিমকে নিয়ে তার স্ত্রী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, তোমার অসাধারণ ওয়ানডে ক্যারিয়ার কেটেছে। নিজের প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তোমাকে কঠোর পরিশ্রম করতে দেখেছি। ভাঙা পাঁজর নিয়ে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একসঙ্গে ২০টি পেইনকিলার খেয়েও খেলতে দেখেছি! তুমি কখনো নিজের জন্য খেলোনি, দলের জন্য এবং দেশপ্রেমের জন্য খেলেছো।’
মুশফিকুর রহিমের ধর্মীয় নিষ্ঠার কথা উল্লেখ করে তার স্ত্রী আরও লিখেছেন, ‘এমন একজন সৎ মানুষ পাওয়াটা আশীর্বাদ, যিনি অযু ছাড়া কখনোই ব্যাট বা বল স্পর্শ করতেন না।’
অতিরিক্ত সমালোচনা না করার অনুরোধ করে মুশফিকুর রহিমের স্ত্রী আরও লিখেছেন, ‘আমি বিশ্বের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে এমন পর্যায়ে সমালোচনা করবেন না, যাতে কাউকে আপনার জন্য প্রার্থনার আসনে বসে কাঁদতে হয়। আমরাও মানুষ।’
মুশফিকুর রহিমের অবসর ঘোষণার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের এক যুগের অবসান হলো। তার অবদান এবং নিষ্ঠা বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।












