ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে চিটাগং কিংসের বাঁহাতি স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। এছাড়াও একই দলের আরেক স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশনও প্রশ্নবিদ্ধ হয়েছে।
বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান দেশের একটি দৈনিককে নিশ্চিত করেছেন যে, ১ ফেব্রুয়ারি বরিশালের বিপক্ষে ম্যাচের পর সানির বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়াররা সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন, “নিয়ম অনুযায়ী, সাত দিনের মধ্যে তাকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। তবে এই সময়ের মধ্যে তিনি খেলতে পারবেন।”
আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে এটিই প্রথম নয়। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় তার এবং পেসার তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। পরবর্তীতে বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হয়ে উভয়েই সাময়িকভাবে নিষিদ্ধ হন। তবে পরে তারা তাদের অ্যাকশন সংশোধন করে আবারও বোলিং করার অনুমতি পান।
গত ১ ফেব্রুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচে চিটাগং কিংস ফরচুন বরিশালকে ২৪ রানে হারিয়ে কোয়ালিফায়ারে উত্তীর্ণ হয়। ওই ম্যাচে সানি চার ওভারে ৪১ রান দিয়ে ১ উইকেট নেন। এরপরই তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা।
সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন থাকলেও তিনি খেলায় অংশ নিতে পারছেন। গতকাল কোয়ালিফায়ারে বরিশালের বিপক্ষে ম্যাচে তিনি চিটাগং কিংসের একাদশে ছিলেন এবং ২ ওভার বোলিংও করেছেন। তবে চিটাগং সেই ম্যাচে হেরে যায়। আগামীকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে জিতলে চিটাগং কিংসের ফাইনাল খেলার সুযোগ থাকবে।
এদিকে, চলতি বিপিএলে চিটাগং কিংসের আরেক স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে। তিনি ইতিমধ্যে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন, তবে এখনো তার ফলাফল প্রকাশিত হয়নি।












