কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়া থেকে ‘হোস্ট’ আনলেন শাকিব খান

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৬, ২০২৫ ১১:১২ পূর্বাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

১০ ম্যাচে ৩ জয় নিয়ে ৬ পয়েন্টে টেবিলের ৬ নম্বরে রয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। এখনও প্লে-অফের দৌড়ে টিকে থাকলেও বাকি রয়েছে মাত্র দুটি ম্যাচ। আর ঠিক এই অবস্থায় নতুন চমক দিল শাকিব খানের দল।

দলটির জন্য অস্ট্রেলিয়া থেকে ‘হোস্ট’ উড়িয়ে এনেছেন শাকিব। ঢাকা ক্যাপিটালসের ফেসবুক পোস্টে নিশ্চিত করা হয়েছে, কেজিয়া ডাউন নামের এক অস্ট্রেলিয়ান উপস্থাপিকা এবার যোগ দিচ্ছেন দলে।

কেজিয়া ডাউন মূলত অস্ট্রেলিয়ায় সংবাদ উপস্থাপনা এবং ক্রীড়াঙ্গনে হোস্ট হিসেবে কাজ করেন। বিশেষ করে মোটরস্পোর্টসে তার আগ্রহ ও অভিজ্ঞতা বেশ উল্লেখযোগ্য। এবার বিপিএল মাতাতে তিনি আসছেন শাকিব খানের দলে।

কেজিয়ার ক্রীড়াজগতের সঙ্গে সম্পর্ক নতুন নয়। ২০১৯ সালে অস্ট্রেলিয়া ফুটবল লিগের (এএফএল) আদিবাসী খেলোয়াড়দের নিয়ে সংবাদ পরিবেশনের জন্য তিনি সেরা ক্রীড়া সাংবাদিকের পুরস্কার পেয়েছিলেন। প্রাণবন্ত উপস্থাপনা ও আকর্ষণীয় বাচনভঙ্গির জন্য অস্ট্রেলিয়ায় তার পরিচিতি বেশ ভালো।

তবে ঢাকার দলই প্রথম বিপিএলে হোস্ট নিয়ে এসেছে তা নয়। এর আগে কানাডিয়ান মডেল ইয়েশা সাগরকে হোস্ট করে সাড়া ফেলেছে চিটাগাং কিংস। ইয়েশাকে চিটাগাংয়ের ম্যাচে নিয়মিত দেখা যাচ্ছে, আর দর্শকরাও তাকে বেশ পছন্দ করছেন। সিলেট স্ট্রাইকার্সও স্থানীয় সঞ্চালক স্মিতা চৌধুরীকে নিয়োগ দিয়েছিল। এবার সেই তালিকায় যোগ হলো ঢাকার নাম।