কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গ্লোব সকার অ্যাওয়ার্ডের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন ভিনিসিয়াস

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২৮, ২০২৪ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

বর্ষসেরা ফুটবলারের মর্যাদা বয়ে চলা ব্যালন ডি’অর না জিতলেও, ফিফা দ্য বেস্ট পুরস্কারটি অর্জন করেছেন ভিনিসিয়াস জুনিয়র। এবার আরও একটি সম্মানিত পুরস্কার জিতলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। গ্লোব সকার অ্যাওয়ার্ডে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

গতকাল, শুক্রবার দুবাইয়ের গালায় অনুষ্ঠিত হয় গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। যেখানে সেরা খেলোয়াড়ের জন্য ১৮ জনের তালিকা ছিল। তালিকায় এবারের ব্যালন ডি’অরজয়ী রদ্রির নামও ছিল। তবে ভিনিসিয়াস জুনিয়র রদ্রিকে পেছনে ফেলে গ্লোব সকার অ্যাওয়ার্ডে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।

ভিনিসিয়াস শুধু সেরা খেলোয়াড়ই নন, সেরা ফরোয়ার্ডের পুরস্কারও জিতেছেন। সেরা ফরোয়ার্ডের তালিকায় ১০ জন ছিলেন।

রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম গ্লোব সকার অ্যাওয়ার্ডে সেরা মিডফিল্ডার নির্বাচিত হয়েছেন। এই পুরস্কারের দৌড়ে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এছাড়া, তিনি গ্লোব অ্যাওয়ার্ডের ম্যারাডোনা পুরস্কারও জিতেছেন।

মেয়েদের সেরা ফুটবলারের পুরস্কারে ছিলেন ১২ জন। এই তালিকায় ছিলেন বার্সেলোনার তারকা আইতানা বোনমাতি, যিনি গত অক্টোবরে মেয়েদের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন। এবার গ্লোব সকার অ্যাওয়ার্ডে সেরা মেয়েদের ফুটবলারের পুরস্কারও জিতেছেন তিনি।

সেরা ক্লাবের পুরস্কারের জন্য ১০টি ক্লাব ছিল। সেরা ক্লাব হিসেবে রিয়াল মাদ্রিদ নির্বাচিত হয়েছে। আর মেয়েদের সেরা ক্লাব হিসেবে বার্সেলোনা নির্বাচিত হয়েছে। সেরা কোচের পুরস্কারও গেছে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তির হাতে, যিনি সেরা কোচের তালিকায় ৭ জনকে পেছনে ফেলেছেন।

সেরা এজেন্টের পুরস্কার জিতেছেন জর্জ মেন্ডেস, এবং সেরা স্পোর্টিং ডিরেক্টরের পুরস্কার জিতেছেন ইন্টার মিলানের পিয়েরো অসিলিও। সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বার্সেলোনার তরুণ স্ট্রাইকার লামিনে ইয়ামাল।

মধ্যপ্রাচ্যের ফুটবলও পিছনে ছিল না, যেখানে ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমানো ক্রিস্টিয়ানো রোনালদো জিতেছেন মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলারের পুরস্কার। মধ্যপ্রাচ্যের সেরা কোচ হয়েছেন আল হিলালের জর্জ জেসুস।

সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে সফল ক্লাব আল আইন জিতেছে মধ্যপ্রাচ্যের সেরা ক্লাবের খেতাব।