ডেস্ক রিপোর্ট:
আয়ারল্যান্ডকে টানা দুই ম্যাচ হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। প্রথম ওয়ানডেতে ১৫৪ রানের বিশাল ব্যবধানে জয়ের পর, দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটে জয় পায় নিগার সুলতানা রুমির দল।
শনিবার (৩০ নভেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ৬ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করে আইরিশ মেয়েরা। বাংলাদেশ নারী দলের বিপক্ষে ওয়ানডেতে এটি ছিল তাদের সর্বোচ্চ রান।
দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন অধিনায়ক এমি হান্টার, যিনি ৮৮ বলে এ রান করেন। এছাড়া ওরলা প্রেন্ডেরগাস্ট ৩৭ রান ও লাউরা ডেলানি ৩৩ রান সংগ্রহ করেন।
বাংলাদেশের পক্ষে সুলতানা খাতুন ১০ ওভারে ৩২ রান দিয়ে দুটি উইকেট নেন।
১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৩.৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। দলের হয়ে ব্যাট হাতে ৮৯ বলে সর্বোচ্চ ৫০ রান করেন ফারজানা। এছাড়া সুপ্তা ৬৩ বলে ৪৩ রান ও জ্যোতি ৩৯ বলে ৪০ রান করেন। শেষদিকে স্বর্ণা ২৯ বলে ২৯ রানে অপরাজিত ছিলেন।
মিরপুরে নারী ওয়ানডে ক্রিকেটে এটি ছিল সবচেয়ে বড় রান তাড়া করে জয়ী হওয়ার রেকর্ড। এর আগে ১৬৭ রানের তাড়ায় পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে ২২৫ রান তাড়ায় ম্যাচটি টাই হয়েছিল।












