কুমিল্লাবুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেড় মাসের জন্য ছিটকে গেলেন গোলরক্ষক অ্যালিসন বেকার

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ৯, ২০২৪ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

ফিকশ্চারে লিভারপুলের সামনে রয়েছে বেশকিছু হাইভোল্টেজ ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগের এসব ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেতে হলো লিভারপুলকে। ইনজুরিতে পড়েছেন ক্লাবের প্রথম পছন্দের গোলরক্ষক অ্যালিসন বেকার, যার ফলে দেড় মাসের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে।

হ্যামস্ট্রিং চোটের কারণে অ্যালিসনকে আগামী ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। এ হিসাবে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত ব্রাজিলিয়ান এই গোলরক্ষককে মিস করতে হবে লিভারপুলকে।

গত শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলার সময় চোটে পড়েন অ্যালিসন। ম্যাচের ৭৯ মিনিটে ওই চোটের কারণে তাকে মাঠ ছাড়তে হয়।

ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, চোটের গুরুত্ব জানার জন্য অ্যালিসনের শরীরে স্ক্যান করা হয়। পরবর্তীতে তার হ্যামস্ট্রিং চোট ধরা পড়ে, যার ফলে তাকে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে।

অ্যালিসনকে ছাড়াই প্রিমিয়ার লিগের ৪টি, চ্যাম্পিয়ন্স লিগের ২টি এবং কারাবাও কাপের একটি ম্যাচ খেলতে হবে লিভারপুলকে।

প্রিমিয়ার লিগের ম্যাচগুলো হলো চেলসি, আর্সেনাল, ব্রাইটন ও অ্যাস্টন ভিলার বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগের দুটি ম্যাচে অল রেডরা আরবি লাইপজিগ ও বায়ার লেভারকুসেনের বিপক্ষে খেলবে। আর কারাবাও কাপে তাদের প্রতিপক্ষ ব্রাইটন।