ইসরায়েলি বাহিনী এবার লেবাননের দক্ষিণে একটি হাসপাতালের পাশে থাকা মসজিদে হামলা চালিয়েছে। শনিবার (৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) গোয়েন্দাদের নির্দেশে বিমান বাহিনী রাতভর সালাহ গন্দুর হাসপাতাল সংলগ্ন একটি মসজিদে হামলা চালায়। ওই মসজিদে হিজবুল্লাহর সন্ত্রাসীরা কমান্ড সেন্টার পরিচালনা করছিল।
বিবৃতিতে আরও বলা হয়, হিজবুল্লাহ সন্ত্রাসীরা ইসরায়েল ও আইডিএফ সদস্যদের ওপর হামলা চালাতে ওই কমান্ড সেন্টারটি ব্যবহার করছিল। হামলার ফলে সালাহ গন্দুর হাসপাতালের নয়জন মেডিক্যাল ও নার্সিং স্টাফ আহত হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজা থেকে ইসরায়েলে অতর্কিত হামলা চালায়। পাশাপাশি ইসরায়েলের সীমান্ত ভেদ করে দেশটিতে ব্যাপক তাণ্ডব চালায় হামাসের যোদ্ধারা। এতে ইসরায়েলে নিহত হয় কমপক্ষে ১,২০০ জন এবং আহত হয় ৩,০০০ এর বেশি। এছাড়াও হামাস প্রায় ২৫০ জনকে জিম্মি করে।
ওইদিনই ইসরায়েলি বাহিনী গাজায় পাল্টা হামলা চালায়। এরপর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে গাজায় নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে এবং আহত হয়েছে লাখেরও বেশি মানুষ।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত বছর থেকেই ইসরায়েলের ওপর হামলা চালিয়ে আসছে। ইসরায়েলও পাল্টা আক্রমণ চালায়। সম্প্রতি হিজবুল্লাহর ওপর ইসরায়েলের হামলার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এবং তারা স্থল অভিযানও শুরু করেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (৫ অক্টোবর) জানায়, লেবাননজুড়ে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। নিহতদের মধ্যে ১২৭ জন শিশু ও ২৬১ জন নারী রয়েছে। এছাড়া ১২ লাখেরও বেশি লেবানিজ ঘরছাড়া হয়েছে।












