কুমিল্লাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ককরোচ আন্দোলনকারীদের সাথে আলোচনার প্রস্তাব মোদি সরকারের

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ২৩, ২০২৬ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষা সংস্কার ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ আন্দোলনকারীদের সাথে আলোচনার প্রস্তাব পাঠিয়েছে মোদি সরকার। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, বুধবার (২২ জুলাই) আন্দোলনকারীদের সাথে আলোচনার জন্য সরকার চারটি প্রস্তাব পাঠিয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।  

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, ককরোচ জনতা পার্টি এবং ছাত্র বিক্ষোভকারীদের প্রতি বড় ধরনের সৌহার্দ্যপূর্ণ বার্তা দিয়ে সরকার যেকোনো সময় আলোচনার জন্য প্রস্তুত। সরকার গতকাল বুধবার বিকেল থেকে তাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য চারটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে। আমাদের সকল তরুণ বন্ধুদের প্রতি এটি একটি স্থায়ী আমন্ত্রণ। সরকার আন্দোলনকারীদের সুবিধামতো যেকোনো সময়ে সব বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত।

মন্ত্রী বলেন, এই আলোচনায় সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও যোগ দেবেন। আলোচনা নাড্ডার কার্যালয়ে অথবা বাসভবনে হতে পারে। সরকার কোনো প্রতিপত্তির কথা বলছে না। আলোচনার মাধ্যমে ধীরে ধীরে আমরা একটি সমাধানের দিকে এগোব। শিক্ষার্থীদের কল্যাণে সরকারের নেওয়া ধারাবাহিক পদক্ষেপগুলোর এটি একটি অংশ।

তিনি আরও বলেন, আমি বিনীতভাবে আপনাদের সকলকে আলোচনায় অংশ নেওয়ার জন্য অনুরোধ করছি। 

এদিকে, বিক্ষোভস্থল যন্তর মন্তরে এক সংবাদ সম্মেলনে ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, পুলিশ বৃহস্পতিবার আমাদের জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা তার বাসভবনে আমাদের সাথে আলোচনা করতে চান। আমরা কারও বাড়ি বা অফিসে যেতে অস্বীকার করেছি। গণদরবার এখানেই। মন্ত্রীদের জনগণের মাঝে আসা উচিত। তাঁরা যদি কথা বলতে চান, তবে সেই আলোচনা যন্তর মন্তরে হওয়া উচিত।

সৌরভ দাস আরও বলেন, প্রধান বিচারপতি আলোচনার জন্য প্রস্তুত আছেন এবং নিরাপত্তাজনিত উদ্বেগ থাকলে বিক্ষোভস্থলের কাছাকাছি একটি নিরপেক্ষ স্থান বিবেচনা করতে ইচ্ছুক। আমরা শিক্ষিত মানুষ। আমরা সবসময়ই বলে এসেছি যে আমরা আলোচনার জন্য প্রস্তুত। আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হলে ভালো হয়।