আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের আয়োজনে প্রথমবারের মতো বসন্ত উৎসব-১৪২৯ উপলক্ষে উকিল বাড়ির পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৩ আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) আইন বিভাগের সামনে এই আয়োজন করা হয়।
আইন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে দুপুর দুইটা পর্যন্ত পিঠা উৎসব চলে। শিক্ষার্থীদের আয়োজনে চারটি স্টলে হরেক রকমের পিঠার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা তাদের নিজেদের হাতে তৈরি তাদের এলাকার ঐতিহ্যবাহী পিঠা যেমন পানতোয়া,মুগপাকন,আতিক্কা, ধুইল পাইঢ়,মালাইচাপ্টা, চন্দ্রপুলি,মতিচুরসহ নানা ধরনের পিঠা পরিবেশন করেন।
এসময় পিঠা উৎসব পরিদর্শন করতে আসেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, আইন বিভাগের ডিন অধ্যাপক ড. মো: শামিমুল ইসলামসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থীগণ ও অন্যান্য বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা।
পিঠা উৎসব শেষে বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে জমকালো আয়োজনের মাধ্যমে আনন্দমুখর পরিবেশে এই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
আইন বিভাগের শিক্ষার্থী মো: মিনহাজুর রহমান বলেন, ‘প্রথমবারের মতো আমাদের বিভাগে এমন সুন্দর উকিল বাড়ির পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। বিভিন্ন ব্যাচের সিনিয়র-জুনিয়রের মধ্যকার বন্ধনকে সুদৃঢ় করতে, ছাত্র-শিখক সহাবস্থান ও সৌহার্দপূর্ণ সম্পর্ককে জোরালো করতে এমন আয়োজনের বিকল্প নেই!’












