স্টাফ রিপোর্টার: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি)বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বর্ধিত অংশে নেই নির্দিষ্ট ময়লা ফেলার জায়গা। যার ফলে একপ্রকার বাধ্য হয়েই যত্রতত্র ময়লা ফেলছে আবাসিক শিক্ষার্থীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায় বঙ্গবন্ধু হলের প্রধান ফটকের আশেপাশে ও ভবনের মাঝখনের জায়গায় জমে আছে ময়লার স্তূপ। এমনকি খোদ হল প্রাধ্যক্ষের রুমের সামনেই জমে আছে ময়লা। ময়লা পরিষ্কারের যথাযথ ব্যবস্থা না থাকায় তা পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে ও মশা-মাছির উপদ্রব বাড়ছে।
এ বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ ড. মোকাদ্দেস উল ইসলাম বলেন, ডাস্টবিন না থাকার ফলে এই সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা খুব শীগ্রই পঞ্চাশটি ডাস্টবিন ক্রয় করবো।
তিনি আরো বলেন, লোক সংখ্যা সীমিত থাকায় সবসময় পরিষ্কার রাখা সম্ভব হচ্ছে না। লোক নিয়োগ চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কাগজপত্র জমা দিয়েছি। আশা করি শীগ্রই এ সমস্যা সমাধান হবে
বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী আশরাফ উদ্দিন মুন্না বলেন, এখানে ময়লা জমে থাকায় দুর্গন্ধ আসে, মশার উৎপত্তি হচ্ছে এবং দৃষ্টি কটু। আমরা স্বাস্থ্য ঝুকিতে আছি। যারা উপর থেকে ময়লা ফেলছে তাদের সচেতন হওয়া উচিত। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া দরকার।












