কুমিল্লাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জেলায় চারদিন আগেই যাবে ভোটের ব্যালট: ইসি সচিব

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ১৬, ২০২৩ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, প্রতীক বরাদ্দের পর থেকে ব্যালট পেপার ছাপানো হবে। আর নির্বাচনের তিন-চারদিন আগে ব্যালট পৌঁছে যাবে জেলা পর্যায়ে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ভোটের দিন সকালে পাঠানোর চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। কাগজের ব্যালটের নির্বাচনে যেন কোনোরকম অপব্যবহার না হয়, সেজন্য ইসি এই কৌশল অবলম্বন করতে পারে বলে জানান তিনি।

এ বিষয়ে প্রশ্ন করা হলে ইসি সচিব বলেন, ভোটের মাঠে ব্যালট পেপার কখন যাবে এই বিষয়টি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এই বিষয়ে সিদ্ধান্তের ব্যাপারে কমিশন এখনো অবহিত করেনি।

তফসিল ঘোষণার পর থেকে নিয়োগ বদলি ও রাজনৈতিক চাপ অনুভব করছেন কি না— জানতে চাইলে জাহাংগীর আলম বলেন, আরপিওতে সুস্পষ্ট বলা আছে নির্বাচনকালীন সময়ে সরকারের কোন কোন বিষয়গুলো পূর্ব অনুমোদন করতে হবে। সেখানে বলা আছে- জেলা প্রশাসক, ডিএমপি কমিশনার ও তাদের অধস্তন কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে ইসির পূর্ব অনুমোদন গ্রহণ করতে হবে।

নির্বাচন মন্ত্রী-এমপিরা আগের মতো কাজ করতে পারবে কি না— জানতে চাইলে স্পষ্টভাবে কিছু বলেননি ইসি সচিব।